পুরান ঢাকায় যুবদল কর্মীকে গুলি; আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে স্থানান্তর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন নয়াবাজার পার্ক এলাকায় শুক্রবার রাতে এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওই যুবকের নাম রাসেল (৩১), যাকে তাঁর সহকর্মীরা কোতোয়ালি থানা যুবদলের সদস্য হিসেবে দাবি করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নয়াবাজার এলাকা থেকে এক যুবক বাম বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, রাসেলের অবস্থা অত্যন্ত গুরুতর। প্রাথমিক চিকিৎসার পর তাঁর সঙ্গীরা তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য জরুরি বিভাগ থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন।

রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাসেল কোতয়ালী থানা যুবদলের সক্রিয় সদস্য। রাতে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে হঠাৎ দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল থেকে তাঁকে দ্রুত ধানমন্ডি পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

গুলিবিদ্ধ রাসেলের বাবার নাম মোহাম্মদ আলী। তাঁদের স্থায়ী বাসা শ্যামপুর আরসিং গেট এলাকায়। পুলিশ এই হামলার নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *