গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
দলের গঠনতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে জোনায়েদ সাকির স্থলাভিষিক্ত হয়েছেন দেওয়ান আব্দুর রশিদ নিলু। তিনি এর আগে দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জোনায়েদ সাকির উপস্থিতিতেই জানানো হয় যে, দলের পরবর্তী বিশেষ সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দেওয়ান আব্দুর রশিদ নিলু ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ চালিয়ে যাবেন।
উল্লেখ্য, ২০০২ সালে যাত্রা শুরু করা গণসংহতি আন্দোলন দীর্ঘ দুই দশকের রাজনৈতিক পথচলা শেষে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। ২০১৬ সাল থেকে জোনায়েদ সাকি দলটির প্রধান সমন্বয়কারী হিসেবে নেতৃত্ব দিয়ে আসছিলেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারে তাঁকে প্রথমে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলেও বর্তমানে তিনি কেবল পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার কারণে দলের দৈনন্দিন সাংগঠনিক কাজে সময় দেওয়া কঠিন হয়ে পড়ায় তিনি এই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।



