কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা চূড়ান্তে নিয়ে যেতে ‘স্টেট অব দ্য আর্ট’ বা সর্বাধুনিক মডেল তৈরির বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ২০২৭ সালের মধ্যে এই উন্নত এআই মডেলটি বাজারে আনার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের এআই বিভাগের প্রধান মুস্তাফা সুলেমান কোম্পানিটিকে এই খাতে সম্পূর্ণ স্বনির্ভর করে তোলার দায়িত্ব নিয়েছেন। মূলত ভোক্তা পর্যায়ের ব্যবহার থেকে শুরু করে এআই-এর মূল ভিত্তি বা ‘ফাউন্ডেশনাল মডেল’—সবকিছুই এখন নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় মাইক্রোসফট। এর আগে ওপেনএআই-এর সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় নিজেদের স্বতন্ত্র মডেল তৈরির সুযোগ ছিল সীমিত। তবে ২০২৫ সালের শেষে চুক্তিতে পরিবর্তন আসায় এখন নিজস্ব সক্ষমতা বাড়ানোর পথ প্রশস্ত হয়েছে।
উল্লেখ্য, মাইক্রোসফট এর আগে তাদের ‘বিং চ্যাট’ বা উইন্ডোজ ১১-এর ‘কোপাইলট’ সেবাগুলো ওপেনএআই-এর চ্যাটজিপিটি প্রযুক্তির ওপর ভিত্তি করে পরিচালনা করত। তবে ভবিষ্যতের নতুন এই মডেলে লেখা, ছবি ও শব্দ প্রক্রিয়াকরণের বহুমুখী সক্ষমতা থাকবে।
মুস্তাফা সুলেমান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য হলো সর্বোচ্চ মানের কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা তৈরি করা। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে গুগলসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে এআই প্রতিযোগিতায় মাইক্রোসফট আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।



