দ্বিপক্ষীয় সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার লক্ষ্যে চলতি এপ্রিল মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে আসন্ন বেইজিং সফরের প্রস্তুতি ও এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেইজিং সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন। সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, চলতি মাসের শেষ দিকে এই সফরটি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে সফরের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।
কূটনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করবে এবং কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।



