দেশে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকা; শীর্ষ ২০ খেলাপির তালিকা সংসদে

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে সরকারের দেওয়া সর্বশেষ পরিসংখ্যানে। গত ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত স্থিতিভিত্তিক ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এনসিপি দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই পরিসংখ্যান তুলে ধরেন। প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নামও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

প্রকাশিত তালিকায় শীর্ষ ২০ খেলাপির মধ্যে রয়েছে— এস আলম সুপার এডিবল অয়েল লি., এস আলম ভেজিট্যাবল অয়েল লি., এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লি., এস আলম কোল্ড রোলড স্টিলস লি., সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লি. (বেক্সিমকো), গ্লোবাল ট্রেডিং করপোরেশন লি., এবং চেমন ইস্পাত লি.।

এছাড়াও তালিকায় স্থান পেয়েছে এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লি., ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লি., কেয়া কসমেটিকস লি., দেশবন্ধু সুগার মিলস লি., পাওয়ার প্যাক মুতিয়ারা কেরাণীগঞ্জ ও জামালপুর পাওয়ার প্ল্যান্ট লি., প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি., কর্ণফুলি ফুডস (প্রা.) লি., মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশনস লি. এবং রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড।

সংসদে অর্থমন্ত্রী জানান, খেলাপি ঋণ আদায়ে সরকার আইনি ও প্রশাসনিক ব্যবস্থা জোরদার করছে। তবে বিপুল পরিমাণ এই খেলাপি ঋণ বর্তমান অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *