এসএসসি পরীক্ষা পেছানোর খবর ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর যে গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৭ এপ্রিল) মন্ত্রীর দাপ্তরিক ফেসবুক পেজ ‘এহছানুল হক মিলন-মিডিয়া সেল’-এ এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

সাম্প্রতিক সময়ে জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নেওয়ার সরকারি পরিকল্পনার সুযোগ নিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে পরীক্ষা পেছানোর অপপ্রচার চালানো হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর মন্ত্রণালয় থেকে স্পষ্ট করা হয়েছে যে, পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষার্থীদের এসব গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। এরপর আগামী ৭ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে নানা সাশ্রয়ী পদক্ষেপ নিচ্ছে। তবে এসব পদক্ষেপের কারণে দেশের বড় কোনো পাবলিক পরীক্ষা বাধাগ্রস্ত হবে না বলে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *