দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ ও ভারত, দিল্লিতে জয়শঙ্কর-খলিলুর বৈঠক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। বুধবার (৮ এপ্রিল) ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এস জয়শঙ্কর জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদলকে দিল্লিতে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। আলোচনায় দুই দেশের বিদ্যমান সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং এই বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের নানা দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও প্রসারিত করতে উভয় দেশ নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছে।

এদিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফরের অংশ হিসেবে ড. খলিলুর রহমান আজ বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *