ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি অস্ত্র আইনের মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ফয়সাল করিম মাসুদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলারও প্রধান অভিযুক্ত। আদালত সূত্রে জানা যায়, গত রোববার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। মামলার বিচার প্রক্রিয়ায় মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‍্যাব-২। সে সময় পালানোর চেষ্টাকালে ফয়সালকে আটক করা হয় এবং তার বাসা থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাবের হাবিলদার মশিউর রহমান বাদী হয়ে আদাবর থানায় মামলা দায়ের করেন। পুলিশি তদন্তে উঠে আসে যে, ফয়সাল এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এসব কাজে অবৈধ অস্ত্র ব্যবহার করতেন।

উল্লেখ্য, ফয়সাল করিম মাসুদ গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত এই মামলায় জামিনে ছিলেন। তবে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত মাসে তিনি ভারতে গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *