‘এটা শাহবাগ নয়, সংসদ’: হাসনাত আবদুল্লাহকে ধৈর্য ধরার পরামর্শ স্পিকারের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে অসহিষ্ণু না হওয়ার এবং ধৈর্য ধরে সংসদীয় রীতিনীতি পালনের কড়া আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর অধিবেশন চলাকালে এক উত্তপ্ত পরিস্থিতিতে স্পিকার এই মন্তব্য করেন।

অধিবেশন চলাকালীন হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার তাকে উদ্দেশ্য করে বলেন, “এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।” তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, সংসদে মৌখিক কথাবার্তার সুযোগ কম এবং কোনো সুনির্দিষ্ট প্রস্তাব বা দাবি থাকলে তা বিধিমোতাবেক নোটিশের মাধ্যমে উপস্থাপন করতে হয়।

স্পিকার এসময় হাসনাত আবদুল্লাহকে আইনমন্ত্রীর পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন, প্রয়োজনে নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনা যেতে পারে, যা সরকারি দল ইতিবাচকভাবে বিবেচনা করবে।

সংসদের পরিবেশ ও গরিমা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এত বড় জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গঠিত হয়েছে। নির্বাচনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। বাংলাদেশের ইতিহাসে এত চমৎকার সংসদ এর আগে কখনও হয়নি।” ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা টেনে তিনি বর্তমান সংসদকে ইতিহাসের একটি ‘বিরল’ সংসদ হিসেবেও আখ্যায়িত করেন।

Leave a Reply