বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক: চামড়া ও পাট খাতে বিনিয়োগের আহ্বান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বিশেষ করে তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষিভিত্তিক শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে তুর্কি উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগের আহ্বান জানান।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও উল্লেখ করেন, বাংলাদেশে উৎপাদন ব্যয় তুলনামূলক কম হওয়ায় চামড়াজাত ও পাটজাত পণ্য উৎপাদনে তুরস্কের বিনিয়োগকারীরা এগিয়ে এলে উভয় দেশই লাভবান হবে। বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের সুযোগ নিয়ে তুর্কি উদ্যোক্তারা দ্রুত মুনাফা অর্জন করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন বাংলাদেশের বিকাশমান অর্থনীতির প্রশংসা করে বলেন, এখানকার দক্ষ মানবসম্পদ তুর্কি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। বাংলাদেশের পরিবেশবান্ধব পাটপণ্যের বৈশ্বিক চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, তুরস্কেও এসব পণ্যের ব্যাপক কদর রয়েছে। এ সময় রাষ্ট্রদূত খন্দকার আব্দুল মুক্তাদিরকে নির্বাচনে জয়ী হয়ে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *