বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান; পদক গ্রহণ করলেন জাইমা রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। এ বছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

বেগম খালেদা জিয়ার পক্ষে তাঁর নাতনি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান এই পদক গ্রহণ করেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই মরণোত্তর সম্মাননা তাঁর কন্যার হাতে তুলে দেন। স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা এবং নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই মরণোত্তর পুরস্কারে মনোনীত করা হয়।

অনুষ্ঠানে খালেদা জিয়া ছাড়াও আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। পদকপ্রাপ্ত অন্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), সংস্কৃতিতে হানিফ সংকেত, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) এবং সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর)।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্রসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *