‘মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম’: স্বাস্থ্যমন্ত্রীকে হাসিমুখে থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার (১৮ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে এক নজিরবিহীন ও হাস্যোজ্জ্বল মুহূর্তের সৃষ্টি হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বারবার প্রশংসা সূচক বাক্য ব্যবহার করায় প্রধানমন্ত্রী তাকে সহাস্যে থামিয়ে দেন।

স্বাস্থ্যমন্ত্রী যখন তার বক্তব্যে প্রধানমন্ত্রীর নিরলস কাজ, সংসদে দীর্ঘ সময় কাটানো এবং তাকে ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ ১০০ মানুষের একজন’ ও ‘শ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠক’ হিসেবে বর্ণনা করছিলেন, তখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হঠাৎ বলে ওঠেন— ‘মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম’। প্রধানমন্ত্রীর এই তাৎক্ষণিক ও সাবলীল মন্তব্যে পুরো মিলনায়তন করতালিতে ফেটে পড়ে। জবাবে মন্ত্রী মৃদু হেসে বলেন, “প্রশংসা করি নাই, যতটুকু আপনি বলতেছেন সামান্য বলেছি।”

মজার এই মুহূর্তের বাইরে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে গুরুত্বপূর্ণ কিছু নীতিনির্ধারণী কথা বলেন। তিনি জানান, দেশের স্বাস্থ্য খাতে যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। তিনি বলেন, “দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে এবং মানবসেবাকে কেন্দ্রবিন্দুতে রাখতে হবে।”

মন্ত্রী আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে অত্যন্ত আগ্রহী। গ্রামীণ চিকিৎসকদের মতামত গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে সরকারের। উপজেলা হাসপাতালগুলোর উন্নয়ন অব্যাহত থাকবে এবং মাঠপর্যায়ের চিকিৎসকদের কাজের পরিবেশ উন্নত করা সরকারের অগ্রাধিকার বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *