‘কুলাঙ্গার’ শব্দ ব্যবহারের জন্য দুঃখপ্রকাশ রাশেদ প্রধানের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্য ও ‘কুলাঙ্গার’ শব্দ ব্যবহার করায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বিএনপির সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান।

রাশেদ প্রধান বলেন, “কুলাঙ্গার শব্দের অর্থ হলো বংশের কলঙ্ক। যেহেতু বিএনপি কর্মীরা এই শব্দটির ব্যবহারে রাগ করেছেন ও কষ্ট পেয়েছেন, তাই আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। ভবিষ্যতে আর এই শব্দটি ব্যবহার করব না।” তবে তিনি উল্লেখ করেন যে, শব্দের ব্যবহারে পরিবর্তন আনলেও তার রাজনৈতিক অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শে বর্তমানে বিএনপি পরিচালনা করছেন না। তাঁর মতে, তারেক রহমান তাঁর পিতা-মাতার সম্মান নষ্ট করেছেন। রাশেদ প্রধান আরও বলেন, “২০২৬-এর নির্বাচনের আগে থেকেই আমি বলে আসছি—জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সেই বিএনপি আর নেই। তারেক রহমান আদর্শচ্যুত হয়ে দল চালাচ্ছেন।”

গত ১৫ এপ্রিল এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিবাদ করা তাদের গণতান্ত্রিক অধিকার। আমি হাসিনাবিরোধী আন্দোলনে যেমন চুপ ছিলাম না, আজও চুপ থাকব না। গণতান্ত্রিক দেশে বিরোধী দল হিসেবে সরকারের কোনো ভুল বা ব্যত্যয় ধরিয়ে দেওয়া আমার দায়িত্ব।”

তিনি আরও দাবি করেন যে, তাঁর গত ১৫ এপ্রিলের বক্তব্যে একমাত্র ‘কুলাঙ্গার’ শব্দটির কারণেই এত বড় প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যদিও একই ধরনের রাজনৈতিক বক্তব্য তিনি অতীতেও বহুবার দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *