আকস্মিক কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী: এসএসসি পরীক্ষার প্রথম দিনে একজন বহিষ্কার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সারাদেশে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ঢাকা ও মানিকগঞ্জ জেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী জানান, পরিদর্শনকালে একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রটি আগে থেকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত ছিল উল্লেখ করে তিনি বলেন, “সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমি সেখানে গিয়েছিলাম এবং একজনকে বহিষ্কার করতে হয়েছে। তবে সামগ্রিকভাবে পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।”

পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে মন্ত্রী বলেন, “আমি নিজে সিসি ক্যামেরার মনিটর পর্যবেক্ষণ করেছি এবং সরাসরি কক্ষে গিয়েও পরিবেশ দেখেছি। কোনো কেন্দ্র থেকে ক্যামেরা নষ্ট থাকার অভিযোগ আসেনি এবং ক্যামেরার উপস্থিতিতে পরীক্ষার্থীদের মধ্যে কোনো ভীতি লক্ষ্য করা যায়নি।”

প্রশ্নফাঁস ও গুজব রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সাইবার অপরাধের মাধ্যমে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আগে থেকেই সব ধরনের বিকল্প প্রস্তুতি রাখা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, প্রশাসন ও অভিভাবকদের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *