নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়ায় জাতীয় সংসদে সরকারের তীব্র সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশনে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি এই তথ্য তুলে ধরেন।
রুমিন ফারহানা বলেন, সরকার বর্তমানে অতিমাত্রায় ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সরকারের এই ব্যাপক ঋণ গ্রহণের প্রবণতা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর বিরূপ প্রভাব ফেলবে কিনা এবং এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা, তা অর্থমন্ত্রীর কাছে জানতে চান তিনি।
জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এই বিপুল অংকের ঋণ বর্তমান সরকারের একক কর্মফল নয়। তিনি বলেন, “এই ঋণগুলো মূলত ‘ক্যারিওভার’ হচ্ছে। অর্থাৎ বিগত সরকার যেসব ঋণের দায় রেখে গেছে, সেগুলোর ধারাবাহিকতা এটি।” তিনি স্পষ্ট করেন যে, বর্তমান প্রশাসন উত্তরাধিকারসূত্রে পাওয়া এই ঋণের বোঝা বহন করছে।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের অর্থনৈতিক নীতি বা পলিসি হলো স্থানীয় ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ক্রমান্বয়ে কমিয়ে আনা। তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, আগামী জাতীয় বাজেটে এই নীতির প্রতিফলন দেশের মানুষ দেখতে পাবেন এবং ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা কমাতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে।



