দেশের হাওরাঞ্চলের ধান কোনোভাবেই যেন নষ্ট না হয়, সেজন্য যথাসময়ে ফসল কাটার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার (২১ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। দেশের হাওরাঞ্চলের ধান কাটার অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে এই জরুরি সভার আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, “হাওরের ধান দেশের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে সমন্বয় করে পানি আসার আগেই ধান কাটা শেষ করতে হবে।” তিনি আরও জানান, যেসব এলাকায় ধান দ্রুত পেকেছে, সেখানে প্রয়োজনে পার্শ্ববর্তী এলাকা থেকে হার্ভেস্টার মেশিন ও বাড়তি শ্রমিক এনে দ্রুত ধান কাটার ব্যবস্থা করতে হবে। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় সহযোগিতা নেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত মাঠ প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীকে অবহিত করেন যে, বর্তমানে হার্ভেস্টার পরিচালনার জন্য পর্যাপ্ত জ্বালানি তেলের সরবরাহ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, কৃষি খাতের জন্য জ্বালানি তেলের কোনো সংকট হবে না এবং সরকার এ বিষয়ে সব সময় অগ্রাধিকার দিচ্ছে।
কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদসহ হাওরাঞ্চলের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা অনলাইনে এই সভায় যুক্ত ছিলেন। মন্ত্রী কর্মকর্তাদের সতর্ক করে বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা আগাম বন্যার আশঙ্কার আগেই কৃষকের কষ্টের ফসল ঘরে তোলা নিশ্চিত করতে হবে।



