জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক উদ্যোগ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের চলমান জ্বালানি সংকটের টেকসই ও ‘যৌক্তিক সমাধান’ খুঁজতে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী জনাবতারেক রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা চলাকালে প্রধানমন্ত্রী এই প্রস্তাব পেশ করেন।

প্রস্তাবিত এই কমিটি ১০ জন সদস্য নিয়ে গঠিত হবে, যার মধ্যে সরকার ও বিরোধী দল থেকে সমানসংখ্যক ৫ জন করে সদস্য থাকবেন। কমিটির কার্যকারিতা নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে এর সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম ঘোষণা করেছেন। তারা হলেন— মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের স্বার্থে যেকোনো আলোচনা করতে প্রস্তুত। এই কমিটির মাধ্যমে বিরোধী দলের বাস্তবসম্মত কোনো পরামর্শ থাকলে সরকার তা গুরুত্বের সাথে কার্যকর করবে।”

উল্লেখ্য, গত ২২ এপ্রিল বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনার সময় যৌথভাবে সমাধান খোঁজার প্রস্তাব দিয়েছিলেন। প্রধানমন্ত্রী আজ সেই প্রস্তাবের ইতিবাচক সাড়া দিয়ে কমিটি গঠনের রূপরেখা তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা আশা করি এই সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে। আমরা শীঘ্রই আমাদের ৫ সদস্যের নাম পেশ করব।” গত কয়েকদিন ধরে জ্বালানি তেল, গ্যাস সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে সংসদে যে বিতর্ক চলছিল, এই কমিটির মাধ্যমে তা নিরসনে একটি সুনির্দিষ্ট পথ তৈরি হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *