আগারগাঁওয়ে নতুন ‘প্রত্নতাত্ত্বিক জাদুঘর’ উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর আগারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নবনির্মিত ‘প্রত্নতাত্ত্বিক জাদুঘর’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি অধিদপ্তরের সম্মেলনকক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, “দেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে এই জাদুঘরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি আরও উল্লেখ করেন যে, প্রাগৈতিহাসিক সময় থেকে শুরু করে সুলতানি ও মোগল আমলের অত্যন্ত মূল্যবান নিদর্শনগুলো এখানে সুনিপুণভাবে উপস্থাপন করা হয়েছে, যা আমাদের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্যের এক স্বচ্ছ প্রতিফলন।

জাদুঘরটিতে মহাস্থানগড়, পাহাড়পুর এবং উয়ারী-বটেশ্বরসহ দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান থেকে সংগৃহীত প্রত্নবস্তু প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়ের মৃৎপাত্র, ধাতব পাত্র, সিল ও পোড়ামাটির বল উল্লেখযোগ্য। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দশম-একাদশ শতাব্দীর ‘বিষ্ণু’ মূর্তি এবং অষ্টম-নবম শতাব্দীর ‘তারা’ মূর্তিসহ আরও অনেক দুর্লভ প্রত্নসম্পদ।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। পরিদর্শনের সময় মন্ত্রী প্রতিটি গ্যালারি ঘুরে দেখেন এবং প্রত্নসম্পদ সংরক্ষণ ও গবেষণার কাজে অধিদপ্তরকে আরও গতিশীল ও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *