মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই তা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরে বলেন, গত দুই মাসে ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা চালু, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, কৃষকদের ঋণ মওকুফ এবং সারাদেশে খাল খনন কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ ওয়াদাগুলো বাস্তবায়িত হচ্ছে। তিনি উল্লেখ করেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ এবং প্রতিটি সেক্টরে দৃশ্যমান পরিবর্তন আনার কাজ চলছে।
সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “সাহিত্য একটি জাতির মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে কবিতা মানুষের মানবিকতা ও মূল্যবোধকে জাগ্রত করে।” এসময় তিনি টাঙ্গাইল জেলার উন্নয়নে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, টাঙ্গাইলের বেকারত্ব দূর করা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুবের উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল। দেশের বিভিন্ন প্রান্তের লেখক, কবি ও সংস্কৃতিসেবীদের পদচারণায় মুখরিত এই উৎসবে দুই দিনব্যাপী কবিতা পাঠ, আবৃত্তি ও সাহিত্য বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।



