‘বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই’, যশোরে আইনজীবী সমিতির অনুষ্ঠানে আইনমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে আপসহীন এবং এই বিভাগের দুর্নীতির সব শিকড় উপড়ে ফেলতে চায়। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাজদার হোসেন মামলার উদাহরণ টেনে মন্ত্রী বলেন, “বিচার বিভাগের স্বাধীনতার নামে আমরা কোনো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়তে চাই না। আমাদের লক্ষ্য হলো স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিচার বিভাগের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতির শিকড় তুলে আনা।”

বিচার বিভাগীয় সচিবালয় ও জুলাই সনদ প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, মানবাধিকার কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত প্রতিটি আইন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে বিল আকারে জাতীয় সংসদে আনা হবে। জুলাই সনদ নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এমন আদেশ দেওয়ার সাংবিধানিক ক্ষমতা না থাকলেও বিএনপি এই সনদের আদর্শ ধমনিতে ধারণ করে এবং এটি অক্ষরে অক্ষরে পালন করা হবে।

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

এর আগে মন্ত্রী যশোরের প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন এবং পুরাতন জেলা জজ আদালত প্রাঙ্গণ পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় আইনজীবী ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *