এসএসসির প্রশ্ন ফাঁসের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ঢাকা শিক্ষা বোর্ডের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হতে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (২৫ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক এবং নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। মূলত অবৈধ আর্থিক মুনাফা লাভ এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এই চক্রটি পরীক্ষা কার্যক্রম ব্যাহত করার লিপ্ত রয়েছে।

ঢাকা বোর্ড আরও জানায়, গত ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামক একটি ফেসবুক পেজ শনাক্ত করে। এর সূত্র ধরে গত ২৩ এপ্রিল সিটিটিসির একটি বিশেষ দল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালায়। অভিযানে চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল প্রচারণাই গুজব ও প্রতারণামূলক। পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব অপপ্রচারে কান না দিয়ে সচেতন থাকার জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে কোনো ধরনের অবৈধ লেনদেনে জড়িত না হতেও সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *