শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী চক্রান্ত রুখে মেধাভিত্তিক জাতি গঠন করা হবে: সংস্কৃতি মন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য এবং দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যেই জনমনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে একটি দানবীয় শক্তি পরিকল্পিতভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল।

শনিবার (২৫ এপ্রিল) মাগুরার মহম্মদপুর উপজেলায় অবস্থিত কাজী শালীমা হক মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, একটি অসাধু চক্র শিক্ষার্থীদের ভুল ইতিহাস শিখিয়ে এবং সুকৌশলে মেধা ধ্বংসের চক্রান্ত করে জাতিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল।

শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে মন্ত্রী কঠোর সমালোচনা করে বলেন, “এমন এক সময় গেছে যখন পরীক্ষা না দিয়েই ৯৮ শতাংশ পাস করানোর মতো ভয়ংকর ধ্বংসাত্মক নির্দেশনা দেওয়া হয়েছিল। আমরা সেই ধারা বদলে শিক্ষার প্রকৃত মান ও সার্থকতা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছি।”

শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে একটি বড় ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে শিক্ষকদের বেতন-ভাতা দ্বিগুণ করার। তবে এর বিপরীতে শিক্ষকদেরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি অধিক যত্নশীল হতে হবে এবং যথাযথ প্রস্তুতি নিয়ে ক্লাসে পাঠদান নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে কাজী শালীমা হক মহিলা ডিগ্রী কলেজের সভাপতি নেওয়াজ হালিমা আরলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান খাঁন ও অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহনুর জামান। আলোচনা সভা শেষে মন্ত্রী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *