আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জ্বালানি সংকটের কারণে সারাদেশে বেড়ে যাওয়া লোডশেডিং পরিস্থিতি আগামী সপ্তাহ থেকেই নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম’-এর আলোচনা সভায় তিনি এ কথা জানান।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, “জ্বালানিজনিত কারণে আমরা বর্তমানে কিছুটা চাপের মধ্যে থাকলেও আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে। পর্যায়ক্রমে লোডশেডিং কমে আসবে।” তিনি বিদ্যুৎ খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ জোর দিচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী ৫ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞের জন্য প্রয়োজনীয় ভূমির সংকট কাটাতে রেলওয়ে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অব্যবহৃত জমি ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

তবে বিদ্যুৎ খাতের আর্থিক পরিস্থিতির একটি চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে এই খাতে বকেয়া পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ হাজার কোটি টাকা। এই বকেয়া পরিশোধ এবং নতুন উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের শিল্প ও আবাসিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকার বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *