বিরোধীদলকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, “খাল কেটে কুমির আনবেন না। এমন কাজ করবেন না, যাতে বাংলাদেশে আবার সেই ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।” রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
বিগত আওয়ামী লীগ সরকারের পতনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতার পঙক্তি উদ্ধৃত করেন। তিনি বলেন, বিগত সরকার কাঙালের ধন চুরি করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছিল যে, শেষ পর্যন্ত তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। এ সময় তিনি বিরোধীদলের সদস্যদের সতর্ক করে বলেন, আপনাদেরও যেন এমন পরিণতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
জুলাই বিপ্লবের চেতনা ধারণ প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে কোনো দ্বিধা নেই। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি মনে করেছিল, কেউ যদি মনে করে জুলাই সনদ তাদের ব্যক্তিগত সম্পত্তি, সেটি হবে ভুল এবং আত্মঘাতী। বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না।”
প্রতিমন্ত্রী আরও বলেন, মুখে একসঙ্গে কাজ করার কথা বলে অন্তরে বিষ রাখলে লাভ হবে না। তিনি বিরোধীদলের প্রতি আহ্বান জানান যেন বিরোধিতার খাতিরে বিরোধিতা বা কোনো ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করা না হয়। জুলাই শহীদের সংখ্যা নিয়ে চলমান বিতর্কের বিষয়ে তিনি বলেন, ১৯৭১ সালের শহীদের সংখ্যা নিয়ে আজও বিতর্ক চলছে। সরকার চায় না ৫০ বা ১০০ বছর পর জুলাই বিপ্লবের শহীদের সংখ্যা নিয়ে কোনো বিতর্ক থাকুক।
দেশের ভবিষ্যতের স্বার্থে সকলকে ভেদাভেদ ভুলে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করা হলে তা সবার জন্যই অমঙ্গল বয়ে আনবে।



