বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ এবং সংস্থাটির শিক্ষা প্রধান নরিহিদে ফুরুকাওয়া প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ও কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউনেস্কোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মাহদী আমিন।
সাক্ষাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে যে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, বিষয়টি বৈঠকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে উঠে আসে।
আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল সরকারের পরিকল্পিত ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার কর্মসূচি। ইউনেস্কো প্রতিনিধিরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং এ ক্ষেত্রে বৈশ্বিক গাইডলাইন অনুসরণ করে কীভাবে কার্যক্রমটি আরও ফলপ্রসূ করা যায়, সে বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, জুতা এবং পাটের ব্যাগ বিতরণ কার্যক্রম নিয়েও আলোচনা হয়। জানা গেছে, অতি দ্রুতই শিক্ষার্থীদের হাতে এসব উপহার পৌঁছে দেওয়ার পাইলট কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাক্ষাতে ইউনেস্কোর বিভিন্ন বৈশ্বিক উদ্যোগ নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশে পরিকল্পিত ও সমন্বিতভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেন।



