রাজধানী ঢাকার সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে একটি সমন্বিত নীতিমালা তৈরি করছে সরকার। এই নীতিমালার মাধ্যমে জনভোগান্তি কমানোর পাশাপাশি রিকশাচালকদের জীবিকার বিষয়টিও ভারসাম্যপূর্ণভাবে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ডিএসসিসি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান। সভায় রিকশা-ভ্যান মালিক ফেডারেশনের নেতাদের সঙ্গে আলোচনা করে ডিএসসিসি প্রশাসক বলেন, রিকশা ঢাকার ঐতিহ্যের অংশ হলেও বর্তমানে অবৈধ ও অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশা নাগরিকদের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। তাই সড়কে বিশৃঙ্খলা এড়াতে নির্দিষ্ট নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পন্ন একটি নির্দিষ্ট সংখ্যক রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে।
সভায় জানানো হয়, ২০২১ সালে দক্ষিণ সিটির আওতায় ২ লাখ ১২ হাজার প্যাডেলচালিত রিকশার লাইসেন্স দেওয়া হলেও বর্তমানে অবৈধ ব্যাটারিচালিত রিকশার সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। এর ফলে যানজট তীব্রতর হওয়ার পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
মালিক ফেডারেশনের নেতারা সভায় দাবি করেন, প্যাডেলচালিত রিকশার কাঠামোতে যারা ব্যাটারি যুক্ত করেছেন, তাদের নতুন নীতিমালার আওতায় বৈধতা দেওয়া হোক। একইসঙ্গে ঢাকা শহরের বাইরের মৌসুমি রিকশাচালক ও ব্যবসায়ীদের অনুপ্রবেশ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। ডিএসসিসি প্রশাসক রাজধানীর প্রকৃত রিকশাচালক ও মালিকদের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ দেন।
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীঘ্রই এই নীতিমালার চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হবে বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।



