সংসদে আন্দালিব রহমান পার্থের বক্তব্যে বিরোধীদলীয় নেতার ক্ষোভ, উত্তপ্ত সংসদ কক্ষ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) এই ঘটনায় বিরোধীদলীয় সংসদ সদস্যদের হট্টগোলের মুখে পড়েন পার্থ।

আলোচনায় অংশ নিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, “বিরোধীদলীয় নেতারা জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার কথা বলেছেন।” তার এই মন্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা চিৎকার ও হট্টগোল শুরু করেন। এর প্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্থ সাহেব তথ্যের বিষয়ে ‘রেকলেস’ বা বেপরোয়া কথা বলছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কোথায় এবং কখন এমন কথা বলা হয়েছে তা পরিষ্কার করতে হবে।

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন যে, তিনি ব্যক্তি বিশেষের দোষের দায় অন্যের ওপর চাপানো পছন্দ করেন না এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করার সময় সংযত হওয়ার অনুরোধ জানান। এর জবাবে পার্থ দাবি করেন, তার কাছে পর্যাপ্ত নথিপত্র রয়েছে এবং ১১ দলীয় জোটের এক নেতা এমন মন্তব্য করেছিলেন বলে তিনি জানান। তবে উত্তপ্ত পরিস্থিতির কারণে তিনি বিস্তারিত ব্যাখ্যায় যাননি।

সংসদ কক্ষে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে হস্তক্ষেপ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি সংসদ সদস্যদের শান্ত হওয়ার এবং নিজ আসনে বসার আহ্বান জানান। ডেপুটি স্পিকার কড়া ভাষায় বলেন, কোনো সংসদ সদস্যের বক্তব্য পছন্দ না হলেও এভাবে বাধা দেওয়ার বা আক্রমণ করার অধিকার কারও নেই। স্পিকারের অনুমতি ছাড়া কথা বলা সংসদের শিষ্টাচার বহির্ভূত বলেও তিনি স্মরণ করিয়ে দেন।

পরবর্তীতে পার্থ তার বক্তব্যে কিছুটা নমনীয় হয়ে বলেন, রাজনীতিতে ভুল বোঝাবুঝি হতেই পারে এবং তিনি ব্যক্তিগতভাবে কাউকে ছোট করার উদ্দেশ্যে কিছু বলেননি। তবে বিরোধীদলীয় নেতা পুনরায় জোর দিয়ে বলেন, সংসদের ফ্লোরে যেকোনো রেফারেন্স দেওয়ার সময় তা অবশ্যই স্পষ্ট এবং সঠিক হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *