মহান মুক্তিযুদ্ধকে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সঙ্গে তুলনা করাকে ‘হিমালয়ের সঙ্গে পিলারের তুলনা’ করার মতো বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ফজলুর রহমান তাঁর বক্তব্যে ৫ আগস্টের আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেও একে মুক্তিযুদ্ধের সমতুল্য মানতে নারাজ। তিনি বলেন, “আগস্ট মাসকে আমি ছোট করে দেখি না, তবে সেখানে কোনো বিপ্লব হয়নি; হয়েছে গণঅভ্যুত্থান। মুক্তিযুদ্ধকে এক মাসের গণআন্দোলনের সঙ্গে তুলনা করা মানে মুক্তিযুদ্ধকে ছোট করা। হিমালয়ের সঙ্গে পিলারের তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করাও তেমন।”
বক্তব্যের একপর্যায়ে তিনি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের তীব্র সমালোচনা করেন। তিনি আমিরের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়ার দাবি নিয়ে প্রশ্ন তুলে বলেন, “আমি তাঁর চেয়ে ১০ বছরের বড়। মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না, করলে সেটি দ্বিগুণ অপরাধ।” জামায়াত তাঁকে ‘ফজু পাগলা’ বলে ডাকছে এমন অভিযোগ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এই মন্তব্যগুলোর প্রেক্ষাপটে বিরোধীদলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে তুমুল আপত্তি জানান এবং সংসদ কক্ষে হট্টগোল শুরু হয়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও ফজলুর রহমান বলেন, “আওয়ামী লীগকে অভিশপ্ত দল হিসেবে দেখে গত দশ বছর নিরন্তর যুদ্ধ করেছি। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত লড়েছি।” তবে মুক্তিযুদ্ধের অবমাননা সহ্য করা তাঁর পক্ষে সম্ভব নয় বলে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।



