পুলিশে বড় নিয়োগের সুখবর: সাড়ে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি হচ্ছে

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ পুলিশে বড় ধরনের জনবল নিয়োগ ও নতুন পদ সৃষ্টির ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের সেবার পরিধি বাড়াতে নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টি করা হচ্ছে। যার মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৫০০ জন, নিরস্ত্র উপ-পরিদর্শক (এসআই) পদে ৪ হাজার জন এবং কনস্টেবল পদে ১০ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে। বর্তমানে পুলিশ বাহিনীতে মোট পদের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি। এর পাশাপাশি সরাসরি ২ হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের সময়কার অপরাধ চিত্রও তুলে ধরেন। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে সারাদেশে ৪৬৪টি হত্যা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় যথাক্রমে ৬০৪ জন এবং ৫৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মন্ত্রী আরও নিশ্চিত করেন যে, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের সাথে জড়িতদের কঠোর সাজা নিশ্চিত করতে অত্যন্ত নিবিড়ভাবে তদন্ত চালানো হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *