প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধি দলের সাক্ষাৎ; জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় জ্বালানি কোম্পানি শেভরন কর্পোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, শেভরন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কর্পোরেশনের ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’ (বিএইসি) বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার।

সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ উত্তোলন প্রক্রিয়ায় শেভরনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানান এবং দেশের জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে দেশের জ্বালানি খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *