দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স-২৫’ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সিভিল এভিয়েশন একাডেমি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
গত ১২ এপ্রিল শুরু হওয়া এই কোর্সে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রমে মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক ও আইকাও (ICAO) ইনস্ট্রাক্টর প্রশান্ত কুমার চক্রবর্তীসহ এভিয়েশন খাতের অভিজ্ঞ বিশেষজ্ঞরা।
দীর্ঘদিনব্যাপী এই প্রশিক্ষণে কর্মকর্তাদের বিমানবন্দর নিরাপত্তার আধুনিক দিকসমূহ যেমন—হুমকি শনাক্তকরণ, ঝুঁকি বিশ্লেষণ, যাত্রী ও মালামাল স্ক্রিনিং এবং এক্স-রে ইমেজ বিশ্লেষণের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া বিস্ফোরক শনাক্তকরণ কৌশল, এভিয়েশন সিকিউরিটি রেগুলেশন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্দেশনা সম্পর্কেও বিস্তারিত ধারণা দেওয়া হয়।
সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। তিনি বলেন, “এই কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান দেশের বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সহায়ক হবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নে কার্যকর অবদান রাখবেন বলে আমি আশাবাদী।”
সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী তার বক্তব্যে বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় আধুনিকতা ও কার্যকারিতা সুদৃঢ় করতে এ ধরনের বিশেষায়িত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণার্থীরাও কোর্সটি নিয়ে তাদের সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে দায়িত্ব পালনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন।



