মে দিবসের সমাবেশে প্রথমবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য রাখতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে পহেলা মে নয়াপল্টনে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান উপস্থিত থাকবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান শ্রমবাজার একটি বিশেষ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ন্যূনতম মজুরির জাতীয় বেতন স্কেল ঘোষণা না হওয়া এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বৃদ্ধি পাওয়ায় স্থায়ী কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। মে দিবসের এই সমাবেশ থেকে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি বিবেচনায় রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হবে।

তিনি আরও অভিযোগ করেন, বিগত সময়ে বিভিন্ন সরকারি পদ বিলুপ্ত করে আউটসোর্সিং নিয়োগের ফলে দেশীয় শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পাটসহ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলো অবহেলার শিকার হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের দাবিও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাওয়ায় তাদের জীবনমান কঠিন হয়ে পড়েছে। তাই জাতীয় নিম্নতম মজুরি বোর্ডকে আরও কার্যকর করার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষক ও শ্রমিকের স্বার্থ রক্ষার ওপর গুরুত্বারোপ করা হবে এই সমাবেশ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *