সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট আজ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বী না থাকায় বৈধ ৪৯ জন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) তাদের নির্বাচিত ঘোষণা করে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এসব প্রার্থীর নামের গেজেট প্রকাশ করা হবে।

রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারিত ছিল। এই সময়ের মধ্যে কোনো প্রার্থী তাদের আবেদন প্রত্যাহার না করায় এবং শূন্য পদের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী থাকায় আইন অনুযায়ী তাদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজ কমিশন থেকে গেজেট প্রকাশের পর তা শপথ গ্রহণের জন্য সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

দলীয় হিসাব অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি জোটের ৩৬ জন এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ১২ জন রয়েছেন। এছাড়া স্বতন্ত্র জোট থেকে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বিএনপির পক্ষ থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, নিপুণ রায় চৌধুরী ও নেওয়াজ হালিমা আরলীর মতো জ্যেষ্ঠ ও পরিচিত নেত্রীবৃন্দ। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে নূরুন্নিসা সিদ্দীকা, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিমসহ ১২ জন নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন জুঁই।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, গেজেট প্রকাশের পর সুবিধাজনক সময়ে স্পিকার নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *