বিরোধী দলের প্রবল আপত্তির মুখে জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ পাশ হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা বিলের বিভিন্ন ধারার ওপর আপত্তি জানালেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায় এবং বিল দুটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়।
বিদ্যমান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইন অনুযায়ী, কোনো ব্যক্তির বয়স ৬৫ বছর পূর্ণ হলে তিনি চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার অযোগ্য হতেন এবং পদে বহাল থাকতে পারতেন না। পাশ হওয়া নতুন বিলে এই সুনির্দিষ্ট বয়সসীমা সংক্রান্ত বিধানটি বিলুপ্ত করা হয়েছে।
অন্যদিকে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আইনের বিদ্যমান সংশোধনীতে কর্মকর্তাদের সর্বোচ্চ ৬৭ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ ছিল। পাস হওয়া সংশোধিত বিলে এই বয়সসীমাও বাতিল করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
আইন সংশোধনের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পুঁজিবাজার ও বীমা খাতের মতো সংবেদনশীল ও কারিগরি ক্ষেত্রে অভিজ্ঞ, দক্ষ এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত রাখা প্রয়োজন। দক্ষ জনবলকে কাজে লাগানোর সুযোগ নিশ্চিত করতেই আইন দুটি সময়োপযোগী করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।



