ডাকসু ভিপি সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে ডাকসু ভিপি সাদিক কায়েমের প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১ মে) সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ প্রেরিত এক জরুরি ঘোষণায় এই তথ্য জানানো হয়।

ছাত্রশিবিরের পক্ষ থেকে দেওয়া ওই ঘোষণায় বলা হয়েছে, কিছু অনলাইন পোর্টালে শিবিরের বর্তমান একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ প্রচার করা হচ্ছে। তবে ইসলামী ছাত্রশিবিরের গঠনতন্ত্র অনুযায়ী, কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ রাখা হয়নি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের দায়িত্ব শেষ করার পর কেউ যদি ব্যক্তিগত সিদ্ধান্তে কোনো রাজনৈতিক দলে যুক্ত হন বা নির্বাচনে অংশ নেন, সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংগঠনটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার সকালে রাজধানীর আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক সম্মেলনে সাদিক কায়েমকে ডিএসসিসির মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ওই সম্মেলনে সাদিক কায়েম নিজে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মোহাম্মদ কামাল হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছিল। তবে ছাত্রশিবিরের এই ঘোষণার পর সাদিক কায়েমের প্রার্থিতা নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *