জিয়া পরিবার যে সর্বদা জনগণের কল্যাণে কাজ করেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে করা মানি লন্ডারিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। শুক্রবার (১ মে) দুপুরে ভৈরবের নদী বাংলা সেন্টার প্রাঙ্গণে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আয়োজিত এক র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ বেগম জিয়ার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছে। তারা অপপ্রচার চালিয়েছিল যে আমাদের নেতা তারেক রহমান বিদেশে মানি লন্ডারিং করেছেন। কিন্তু বাস্তব সত্য হলো, বিশ্বের কোনো দেশে বা কোনো ব্যাংকে তার নামে কোনো টাকার হদিস তারা পায়নি। জিয়া পরিবার যে সর্বদা জনগণের কল্যাণে কাজ করেছে, তা আজ প্রমাণিত।”

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করে শরীফুল আলম আরও বলেন, যারা সরকারকে হেয় করার চক্রান্তে লিপ্ত, তাদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে। অতীতের মতো বর্তমানেও দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ভৈরব উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আদিলুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *