রাজধানীতে শুরু হচ্ছে চার দিনব্যাপী ডিসি সম্মেলন; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ রোববার (৩ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬’। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে এই সম্মেলন আগামী বুধবার (৬ মে) পর্যন্ত চলবে।

এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে মোট এক হাজার ৭২৯টি প্রস্তাব জমা পড়েছিল, যার মধ্যে বাছাইকৃত ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি ৪৪টি প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা বিভাগ সংক্রান্ত। এছাড়া ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার জোরদারকরণ এবং দারিদ্র্য বিমোচনের মতো বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।

সম্মেলনের সূচি অনুযায়ী, উদ্বোধনের পর দুপুর ১২টা ১ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন জেলা প্রশাসকরা। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ৩০টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রতিটি অধিবেশনে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব। ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ ছাড়াও এই সম্মেলনে প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গেও ডিসিদের বিশেষ অধিবেশন রয়েছে।

সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করবেন। আজ সম্মেলনের প্রথম দিন সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও নৈশভোজে অংশ নেবেন তারা।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি গঠিত বিএনপি সরকারের এটিই প্রথম ডিসি সম্মেলন। মাঠ পর্যায়ে সরকারি সেবা বৃদ্ধি, জনদুর্ভোগ কমানো এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *