আসন্ন ১৪৪৭ হিজরি সালের হজ মৌসুমকে কেন্দ্র করে কঠোর বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, কোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে হজে অংশ নেওয়া যাবে না। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সরকারি অনুমোদন বা ‘হজ পারমিট’ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে হজ মৌসুমের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, যারা হজের নিয়ম লঙ্ঘন করে অনুমতি ছাড়া পবিত্র হজ পালনের চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌদি সরকারের মতে, ভিজিট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের হজে অংশগ্রহণের কোনো আইনি সুযোগ নেই।
এছাড়া অবৈধভাবে হজে অংশগ্রহণকারী বা নিয়ম লঙ্ঘনকারীদের সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ সংক্রান্ত তথ্য জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের জন্য ‘৯১১’ এবং রাজ্যের অন্যান্য অঞ্চলের জন্য ‘৯৯৯’ হটলাইন নম্বর উন্মুক্ত রাখা হয়েছে।
হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে প্রতি বছরই সৌদি কর্তৃপক্ষ এমন কঠোর অবস্থান নেয়। এবারও হজের পবিত্রতা রক্ষা এবং বিশৃঙ্খলা এড়াতে আগেভাগেই এই সতর্কবার্তা প্রদান করা হলো।



