সিরাজগঞ্জে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন: শাহজাদপুরের পিআইওকে গ্রেফতার করেছে দুদক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩ মে) দিবাগত রাতে পাবনা সদর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৩ সাল থেকে আবুল কালাম আজাদের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু হয়। পরবর্তীতে ২০২৪ সালের মে মাসে তার নিজেরসহ স্ত্রী মর্জিনা খাতুন ও ছেলে ফজলে রাব্বি রিয়নের বিরুদ্ধে সম্পদ বিবরণী জারির আদেশ দেওয়া হয়। অনুসন্ধানে দেখা যায়, পিআইও আবুল কালাম আজাদ ১ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

তদন্তে পরিবারের সদস্যদের নামেও বিপুল সম্পদের তথ্য পাওয়া যায়। তার স্ত্রী মর্জিনা খাতুনের নামে ১ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকা এবং ছেলে ফজলে রাব্বি রিয়নের বিরুদ্ধে ১ কোটি ১৫ লাখ ৩৬ হাজার টাকার অবৈধ সম্পদ ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে ২০২৫ সালের ১১ মার্চ দুদকের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।

এছাড়া নিজের শ্যালক জামাল উদ্দিন ফকিরের নামে অস্বাভাবিক সম্পদ অর্জনে সরাসরি সহায়তার অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। শ্যালকের নামে প্রায় ১ কোটি ৯১ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের ঘটনায় ২০২৫ সালের ২৩ অক্টোবর আরও একটি মামলা করা হয়, যাতে আবুল কালাম আজাদকে দ্বিতীয় আসামি করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রাতে দুদক বিশেষ অভিযান চালিয়ে ওই কর্মকর্তাকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করে। আজ (সোমবার) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *