সাবেক উপদেষ্টা ও পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসানের কর্মকাণ্ড এবং ক্ষমতা অপব্যবহারের বিভিন্ন দিক নিয়ে কঠোর সমালোচনা করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘কথা’-র একটি টক শোতে অংশ নিয়ে তিনি এই অভিযোগগুলো উত্থাপন করেন।
আনিস আলমগীর দাবি করেন, পরিবেশ রক্ষার কথা বলে রিজওয়ানা হাসান বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। তার অভিযোগ অনুযায়ী, ক্ষমতায় আসার আগেও তিনি এনজিও কার্যক্রমের আড়ালে ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে অনিয়ম করেছেন। এমনকি কোনো প্রকল্প থেকে অর্থ না পেলে আইনি বা প্রশাসনিক মারপ্যাঁচে তা বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
সাবেক এই উপদেষ্টার চিকিৎসা ব্যয় নিয়ে প্রশ্ন তুলে আনিস আলমগীর বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী জীবদ্দশায় দেশেই চিকিৎসা নেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। অন্যদিকে, রিজওয়ানা হাসান বিদেশে চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে সৃষ্ট জটিলতায় রিজওয়ানা হাসানের ভূমিকা নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন। সাংবাদিক আনিস আলমগীরের দাবি, মব সৃষ্টি করে একজন ট্রাস্টিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় রিজওয়ানা হাসানের সরাসরি সম্পৃক্ততা ছিল।
অন্যদিকে, বর্তমান সরকারের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই সাংবাদিক। তার মতে, সরকার অতীতের বিষয়গুলো নিয়ে বেশি ব্যস্ত থাকায় সাম্প্রতিক এসব গুরুতর অভিযোগগুলো যথাযথ গুরুত্ব পাচ্ছে না। গণস্বাস্থ্য কেন্দ্রসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।



