বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয় দেশ। সোমবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার এক সৌজন্য সাক্ষাতে এই অঙ্গীকার করা হয়। ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে হাইকমিশনার প্রণয় ভার্মা তার দায়িত্ব পালনকালীন সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রীর ধারাবাহিক সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। বৈঠকে দুই দেশের বর্তমান সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করা হয়। উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে ভবিষ্যতে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে।
ভারতীয় হাইকমিশনার তার বক্তব্যে বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ভারতের গভীর আগ্রহের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং পারস্পরিক উপকারের ভিত্তিতে সব ক্ষেত্রে বিশেষ করে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে।
অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক উন্নয়নে হাইকমিশনার প্রণয় ভার্মার ব্যক্তিগত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বিদায়ী হাইকমিশনারের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান।



