দেশের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বন্ধ থাকা কলকারখানাগুলোর ভবিষ্যৎ নির্ধারণ এবং সেগুলো পুনরায় চালুর বিষয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার (৪ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তরে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম উপস্থিত ছিলেন। এছাড়া বিনিয়োগ ত্বরান্বিত করার লক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেন।
উল্লেখ্য, এর আগে গত ১ মে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের শিল্প খাত নিয়ে তার পরিকল্পনার কথা জানান। সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে, বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো কত দ্রুত সচল করা সম্ভব, সে বিষয়ে তিনি এক মাস আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে চলতি সপ্তাহেই এ সংক্রান্ত বৈঠকের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। পর্যায়ক্রমে বাংলাদেশের সব বন্ধ কলকারখানা চালু করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প উৎপাদন বৃদ্ধির বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



