ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান: ক্রীড়াঙ্গন সচল করতে সরকারের বড় উদ্যোগ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে ‘স্পোর্টস ডিপ্লোমেসি’ বা ক্রীড়া কূটনীতিতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এই বিশেষ কার্যক্রমে যুক্ত হতে চলেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

সম্প্রতি রাজধানীর মতিঝিলে বিএসজেএ (BSJA) মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী জানান, সরকার বর্তমানে স্পোর্টস ডিপ্লোমেসিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এই লক্ষ্য অর্জনে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাইমা রহমান এই কার্যক্রমে যুক্ত হলে তা দেশের ক্রীড়াঙ্গনের জন্য বড় ধরনের উৎসাহের কারণ হবে।

আমিনুল হক বলেন, স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও আন্তরিকতা বাড়ানো সম্ভব। বিশেষ করে এশীয় ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক তৈরির মাধ্যমে বাংলাদেশের খেলাধুলার বিদ্যমান সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠাই সরকারের প্রধান লক্ষ্য।

ক্রীড়া কূটনীতির গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্বতন্ত্র ‘স্পোর্টস উইং’ চালু করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কার্যক্রম শুরু করেছে। সরকারের এই উদ্যোগ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *