পটুয়াখালীর বাউফলে একটি শৌচাগার নির্মাণ প্রকল্পে ব্যয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মসজিদের পাশে নির্মিত ওই টয়লেটের নামফলকে ব্যয় প্রায় দুই কোটি টাকা দেখানো হলে বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি মূলত একটি মুদ্রণজনিত ভুল।
ঘটনাটি ঘটেছে উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে রাজস্ব তহবিলের অর্থায়নে ইদু হাওলাদারের বাড়ির সামনে মসজিদের পাশে মুসল্লিদের ব্যবহারের জন্য এই টয়লেটটি নির্মাণ করা হয়। প্রকল্পের প্রকৃত ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা। কিন্তু নামফলক তৈরির সময় ভুলবশত সেখানে ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা লিখে ফেলা হয়।
নামফলকের ওই ছবির ভিডিও ও স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই একে সরকারি অর্থের অপচয় বা দুর্নীতির চরম উদাহরণ হিসেবে তুলে ধরে মন্তব্য করতে থাকেন। স্থানীয় বাসিন্দারাও নামফলকে বিশাল অংকের এই ব্যয় দেখে বিস্মিত হন।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার জানান, নামফলকে প্রায় দুই কোটি টাকা ব্যয় দেখে তারা নিজেরাও হতভম্ব হয়ে গিয়েছিলেন। প্রকৃত খরচ সম্পর্কে আগে থেকে ধারণা না থাকায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। অন্যদিকে, বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে বর্ণনা করে অতিরঞ্জিত প্রচার না করার আহ্বান জানান।
এ বিষয়ে এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক সাংবাদিকদের জানান, প্রকল্পের প্রকৃত ব্যয় মাত্র দুই লাখ টাকার কাছাকাছি। নামফলক প্রিন্টিংয়ের সময় অসাবধানতাবশত টাকার অংকে ভুল হয়েছে। বিষয়টি নজরে আসার পরপরই নামফলকটি সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।



