সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ‘আকাশপথে সম্ভাব্য হুমকির’ বিষয়ে উচ্চ সতর্কবার্তা জারি করেছে দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশন। সোমবার এক বিশেষ বার্তায় আমেরিকানদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন মিশন জানায়, তারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নাগরিকদের জন্য বর্তমান ভ্রমণ সতর্কতা ৩-স্তরেই (Level 3) রাখা হয়েছে। এর অর্থ হলো, মার্কিন নাগরিকদের এই মুহূর্তে দেশটিতে ভ্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনা করা উচিত।
উল্লেখ্য, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ দাবি করেছে যে, তারা ইরান থেকে ছোড়া ১৫টি ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। এই হামলাকে ‘বিশ্বাসঘাতকতামূলক’ আখ্যা দিয়ে আমিরাত এর পালটা জবাব দেওয়ার অধিকার সংরক্ষণের ঘোষণা দিয়েছে। তবে এই হামলার বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট জেনারেলের কার্যক্রম চালু থাকলেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিবৃতিতে জানানো হয়েছে, নিরাপত্তার খাতিরে জরুরি প্রয়োজন নেই এমন মার্কিন সরকারি কর্মীদের ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।



