পুলিশের নতুন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর: শার্ট ‘নেভি ব্লু’, প্যান্ট হবে ‘খাকি’

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পুলিশের বিদ্যমান পোশাক নিয়ে অসন্তোষ ও মাঠ পর্যায়ে তা মানানসই না হওয়ার প্রেক্ষিতে পোশাক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। সোমবার (৪ মে, ২০২৬) দুপুরে সচিবালয়ে রোহিঙ্গা ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, পুলিশের নতুন পোশাক নিয়ে বাহিনীর সদস্যসহ জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ছিল। তাই ঐতিহ্যের কথা মাথায় রেখে উপরের অংশে নেভি ব্লু শার্ট এবং নিচের অংশে খাকি রঙের প্যান্ট ফিরিয়ে আনা হচ্ছে। তবে কাপড় তৈরি ও প্রস্তুতির জন্য পোশাকটি পুরোপুরি চালু হতে কিছুটা সময় লাগবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, ১ মে থেকে সারা দেশে মাদক, অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এই অভিযানে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে। বড় বড় মাদক সিন্ডিকেট ও চোরাচালানকারীদের আইনের আওতায় আনতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

পুলিশ প্রশাসনে সাম্প্রতিক বদলি ও বাধ্যতামূলক অবসর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিষয় নয়। এটি মন্ত্রণালয়ের নিয়মিত দাপ্তরিক কাজের অংশ এবং সবকিছু বিধি মোতাবেক সম্পন্ন করা হচ্ছে। কারাগারে থাকা চিহ্নিত অপরাধী বা ‘শীর্ষ সন্ত্রাসীদের’ জামিনে মুক্তির বিষয়ে তিনি বলেন, জামিন দেওয়া আদালতের বিষয় হলেও মুক্তি পাওয়ার পর কেউ অপরাধে জড়ালে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকনাফ ও উখিয়ার ক্যাম্পগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। সেখানে মাদক ও চোরাচালান ঠেকাতে যৌথ বাহিনীর কঠোর নজরদারি ও বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া এবারের সংসদ অধিবেশনকে তিনি ইতিহাসের অন্যতম সফল ও সৌহার্দ্যপূর্ণ হিসেবে বর্ণনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *