প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এই লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার (৭ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রী জানান, সরকার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একটি পাইলট কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সকল শিক্ষার্থীর মধ্যে মানসম্মত জুতা বিতরণ করা হবে। প্রায় এক লক্ষ শিক্ষার্থী এই প্রাথমিক সুবিধার আওতায় আসবে। এই উদ্যোগ বাস্তবায়নে দেশের বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে অনুদান প্রদানের আশ্বাস দিয়েছে।
ববি হাজ্জাজ বলেন, “আমরা চাই এই উদ্যোগটি শিশুদের জন্য মর্যাদাপূর্ণ ও সমন্বিত সহায়তা হিসেবে প্রতিষ্ঠিত হোক।” জুতার মান ও ডিজাইনে যেন কোনো বৈষম্য না থাকে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামতের ভিত্তিতে একটি বৈশ্বিক মানদণ্ড নির্ধারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এই কার্যক্রমের কারিগরি ও গুণগত মান নিশ্চিত করতে প্রতিমন্ত্রী একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও লেদার ইন্সটিটিউট, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এবং উৎপাদনকারী কোম্পানিগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। ডিজাইন, কোয়ালিটি চেকিং ও সার্টিফিকেশন যেন আন্তর্জাতিক মানের হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই পাইলট উদ্যোগটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



