ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার একটি প্রকৃত কৃষিবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই এই সরকার কৃষি খাতের আধুনিকায়ন এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে ‘কৃষক কার্ড’ প্রবর্তনসহ বহুমুখী কার্যক্রম শুরু করেছে।
শুক্রবার (৮ মে) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধর্মমন্ত্রী বলেন, সরকার দেশের প্রতিটি কৃষকের হাতে আধুনিক কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং পর্যায়ক্রমে সকল কৃষকের জন্য এই সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর কেবল কৃষি নয়, বরং সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। সারাদেশে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু এবং সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ এর অন্যতম উদাহরণ।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার ২২টি ইউনিয়নে মোট ১৬৭টি কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—৯টি বেড প্ল্যান্টার, ১৭টি ধান কাটার যন্ত্র, ৯টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২০টি সেচ পাম্প এবং ২০টি ধান মাড়াই যন্ত্র। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী ও বিশুদ্ধ পানির সরঞ্জামও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন এবং বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



