বিরোধীদলের সমালোচনা হতে হবে গঠনমূলক: রুহুল কবির রিজভী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিরোধীদল সরকারের সমালোচনা করবে—এটিই গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম, তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক। শুক্রবার (৮ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির আসন্ন মতবিনিময় সভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

শনিবার (৯ মে) এই ইনস্টিটিউটে বিএনপি এবং এর তিন অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ দুই নেতাকে নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রুহুল কবির রিজভী জানান, সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বা সশরীরে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিবসহ কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা সভায় উপস্থিত থাকবেন।

রিজভী বলেন, এই সভায় সারাদেশের জেলা পর্যায়ের নেতারা সাংগঠনিক পরিস্থিতি ও সরকারের কার্যক্রম নিয়ে তাদের মতামত দেবেন। সরকারের দায়িত্ব গ্রহণের গত কয়েক মাসে যেসব কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রীরা সেসবের বিশ্লেষণ তুলে ধরবেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির মতো জনবান্ধব উদ্যোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

গণতন্ত্র ও বিরোধীদলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াইয়ের পর অর্জিত এই গণতন্ত্রে সরকারের ভুল ধরিয়ে দেওয়া বিরোধীদলের দায়িত্ব। এতে রাষ্ট্র আরও কর্মক্ষম হয়। তবে তিনি সতর্ক করে বলেন, যদি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য মিথ্যাচার ও ষড়যন্ত্রের রাজনীতি করা হয়, তবে তা গণতন্ত্রের জন্য শুভ নয়। শেখ হাসিনার আমলের উদাহরণ টেনে তিনি বলেন, মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে রাজনীতি করলে তা ষড়যন্ত্রের মধ্যেই পড়ে।

রিজভী আরও উল্লেখ করেন, জনগণই চূড়ান্ত বিচারক। আগামী নির্বাচনে জনগণই মূল্যায়ন করবে সরকারের কাজ সঠিক ছিল কি না। পরিদর্শনের সময় তার সঙ্গে ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।