তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে রাজ্যে সরকার গঠনের জন্য কংগ্রেসের আনুষ্ঠানিক সমর্থন চেয়েছেন তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান ও সাবেক অভিনেতা থালাপতি বিজয়। মঙ্গলবার (৫ মে) কংগ্রেসের বর্ষীয়ান নেতা কে সি ভেনুগোপাল এই তথ্য নিশ্চিত করেছেন।
এবারের নির্বাচনে থালাপতি বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করে চমক দেখালেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে ব্যর্থ হয়েছে। ভেনুগোপাল জানান, তামিলনাড়ু কংগ্রেস ইউনিট বুধবার এই বিষয়ে বিস্তারিত আলোচনায় বসবে। তিনি আরও উল্লেখ করেন, কংগ্রেস কোনোভাবেই বিজেপিকে তামিলনাড়ুর ক্ষমতায় দেখতে চায় না এবং শুরু থেকেই তাদের অবস্থান একটি ধর্মনিরপেক্ষ সরকার গঠনের পক্ষে।
বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, বিজয়ের দলকে সমর্থন দেওয়ার ব্যাপারে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য ইউনিটকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এদিকে তামিলনাড়ু কংগ্রেসের ইনচার্জ গিরিশ চোরানকার জানিয়েছেন, বিজয় সরাসরি কংগ্রেস প্রধানের কাছে সমর্থনের আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
তিনি আরও বলেন, বিজয়ের পক্ষে তরুণ প্রজন্ম ও নারীদের ব্যাপক সমর্থন লক্ষ্য করা গেছে। যদিও কংগ্রেসের নিজস্ব ফলাফল আশানুরূপ ছিল না, তবে জনগণের ম্যান্ডেট একটি সেক্যুলার সরকারের পক্ষেই রয়েছে। এই পরিস্থিতিতে বিজয়ের চিঠির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কংগ্রেস।



